হাসান তানভীর,গবিঃবিশ্ব কিডনি দিবস উপলক্ষে আজ ১১ই মার্চ, বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডির গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার, বীর উত্তম মিলনায়তনে ডা. মাসরুরা জাবীনের উপস্থাপনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন মোস্তাফি, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ প্রমুখ।
অধ্যাপক ডা. মামুন মোস্তাফি তার বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিসের মান ও অল্প খরচে উন্নত সেবাদানের নেপথ্যের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিসের মান সারা বিশ্বের মধ্যে অনন্য উল্লেখ করে তিনি বলেন- “বিত্তবানদের অনুদান, নিজস্ব ফার্মাসিউটিক্যালসের পণ্য ব্যবহার, ডাক্তারদের সেবা দানের মানসিকতা সহ নানা কারণে গণস্বাস্থ্য কেন্দ্র স্বল্প মূল্যে সেবা দান করতে পারছে”। তিনি এই সেবার মান অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “কিডনি রোগীদের নিঃস্ব করছে ওষুধ। সরকার চাইলেই ওষুধের দাম কমাতে পারে। ডায়ালাইসিসে প্রচুর খরচ, যা আমাদের নিম্ন শ্রেণির মানুষের জন্য বহন করা খুবই কষ্টকর। তাই প্রতিস্থাপনই একমাত্র পথ”। প্রতিবছর হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন জরুরি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দেশে বেসরকারিভাবে কয়েকটি প্রতিষ্ঠানে কিডনী প্রতিস্থাপন হলেও সরকারিভাবে নানা অজুহাতে থেমে আছে। ২০১৯ সালে একটি ট্রান্সপ্ল্যান্টের উদ্যোগ নেয়া হয়, কিন্তু আইনি সংকীর্ণতার কারণে আজও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি”।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “মানুষের সেবা করা নেশার মতো”। তিনি মানুষের সেবায় সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে আহবান জানান।
এছাড়া অনলাইনে যুক্ত হয়ে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে আইনি জটিলতা নিরসনে তার বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার রাসনা ইমাম।
ছবি তুলেছেন: রফিকুর রহমান রেকু, সিনিয়র ফটোগ্রাফার, গণ বিশ্ববিদ্যালয়


