তালহা জাহিদঃ বরিশাল সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও এনসিটিএফের সাধারণ সম্পাদক নাদিরা জাহান মুনা এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছেন।
এসময় তিনি কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন।পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন মুনা।


