মোঃ রাসেল হোসাইন, বরগুনা প্রতিনিধি
একটি যুগোপযোগী ভাবনা বাঁচাতে সহায়ক হতে পারে হাজারো জীবন। ঠিক এমনই এক ভাবনার সফলতার গল্প এঁকেদিলেন এ্যাডভোকেট সুনাম দেবনাথ। করোনা কালীন মানুষ যখন অসহায় ভাবে নিজেকে আত্নসমার্পণ করে চলেছে। একটা হাই নজেল অক্সিজেন সরবারহ মেশিন কিনতে যখন “আমাদের জন্য আমরা” অর্থ সংগ্রহে নামেন। ঠিক তখন সুনাম দেবনাথ নিয়েছিলেন এক ব্যতিক্রমী উদ্যোগ। নিজের শিল্প সত্ত্বাকে ব্যবহার করে তিনি দিনের পর দিন পরিশ্রম করে তুলির আঁচড়ে এঁকে চলেছিলেন একের পর এক দৃষ্টিনন্দন চিত্রকর্ম। মোট সাতটি চিত্রকর্ম নিলামে তুলে আয় হয়েছে এক লক্ষ সাত হাজার টাকা।
বৃহঃস্পতিবার (৬ আগষ্ট) রাত সাড়ে সাতটায় বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ্যাডভোকেট সুনাম দেবনাথ আনুষ্ঠানিক ভাবে পুরো টাকা (১ লাখ ৭ হাজার টাকা) “আমাদের জন্য আমরা”র উদ্যোক্তা এবং সমন্বয়ক মুশফিক আরিফের কাছে হস্তান্তর করেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার এবং পরিবারের পক্ষ থেকে আরো ১০ হাজার টাকা প্রদান করেন। এই অর্থ হাই ফ্লো ক্যানুলা মেশিনসহ বরগুনা জেনারেল হাসপাতালের করোনা রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে ব্যয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট সঞ্জীব দাস, সামাজিক আন্দোলন বরগুনার সভাপতি হাচানুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ,এ্যাডভোকেট নাজমুল ইসলাম রাসেল, এ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি প্রমূখ। “আমাদের জন্য আমরা” বরগুনায় এমন একটি স্লোগান গড়ে তোলার ক্ষেত্রে মুশফিক আরিফ বলেন, আমরা নিজেদের জন্য যদি নিজেরা এগিয়ে আসি তবে কারো আশায় বসে না থেকে নিজেরাই সমস্যার সমাধান করতে পারি।
এ্যাডভোকেট সুনাম দেবনাথ আবেগ তাড়িত হয়ে বলেন, আসলে আমার চিত্রকর্মগুলো মানবতার কাজে উৎসর্গ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমার লকডাউন কালীন পুরোটা সময় জুড়ে করা পরিশ্রমকে এমন সার্থক রুপ দিতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি। আমরা সবাই নিজের জায়গা থেকে এগিয়ে আসলে সকল বিপদ মোকাবেলা করার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ।।


