চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার সকাল পৌনে ৯টায় নগরীর বহদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর রেজাউল সাংবাদিকদের বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।
তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সারাদিন সুষ্ঠুভাবে ভোট হবে আশা করি। আমরা জনগণের রায়ে বিশ্বাস রাখি, আস্থা রাখি। নৌকার জয় হবেই।
বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রেজাউল বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। তাদের এজেন্ট আসেনি কেন্দ্রে। তারা সবসময় এমন অভিযোগ করে থাকে। এটা তাদের নিয়ম। সারা বছরই তারা শুধু অভিযোগ করেই আসছেন।
এ সময় রেজাউলের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


