উমাইর হোসেন,গলাচিপাঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ।
গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য এসএম শাহজাদা ও গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিনের নেতৃত্বে রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়কের দু’পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে ছিল এ মানববন্ধন ।
মানববন্ধন শেষে সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, এ এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার কথা শুনে মানুষ আনন্দ, উৎফুল্লতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রতি। অতিদ্রুত এর বাস্তবায়ন চান এ অঞ্চলের সর্বস্তরের মানুষ।
তিনি আরও বলেন, ইপিজেড বাস্তবায়নে যে পরিমান ভূমির দরকার তা বাঁশবুনিয়া মৌজায় আছে। অপেক্ষাকৃত কম মূল্যে বাঁশবুনিয়া মৌজার ভূমি অধিগ্রহণ করা যাবে। দেশের দক্ষিণের সব উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। তুলনামূলক এ ক্ষেত্রে গলাচিপা উপজেলার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা থেকে অনেকটা বঞ্চিত রয়েছে। এ কারনে গলাচিপাবাসীর এ দাবি রেশীয় অনুসারে এ এলাকার জনগণের যৗক্তিক দাবি।
তিনি দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে। এ দাবি পূরণ করা হলে এ অঞ্চলের কর্মহীন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও ভাগ্যের উন্নয়ন ঘটবে । এর আগে স্থানীয় সাংসদ এস এম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহিন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।


