তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর শিক্ষা কমপ্লেক্সের শিক্ষার্থীদের নিয়ে একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন ফাউন্ডেশন” এর উদ্যোগে আজ ২৮ নভেম্বর শনিবার সুইচগেট বাজারে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে ও সহায়তায় মানবতার দেয়াল নির্ধারন করা হয়েছে।
শীত আসছে। তুলনা মূলক বরাবরই শীতের প্রভাবটা গ্রামাঞ্চলে বেশি থাকে, শীতের সঙ্গে সমাগত আরও একটি চিরায়ত দৃশ্য। সেটি হলো আনাচে কানাচে অসংখ্য অসহায় মানুষ শীতের কষ্টে বেশি ভুগবে। শীতের কামড় থেকে এই ভাগ্যহত ‘মনুষ্যশরীরগুলোকে’ রক্ষা করার জন্য গরম কাপড় ও নৈশ আশ্রয়ের ব্যবস্থা থাকা উচিত ছিল। সরকারিভাবে সেই ব্যবস্থা যেহেতু নেই, সেহেতু অনিবার্যভাবে খোলা আকাশকে চাঁদোয়া বানিয়ে গরিব মানুষ রাত্রিযাপন করবে। এ অবস্থার মধ্য দিয়ে অনিবার্যভাবে আরও একটি পৌষ সংক্রান্তিমুখী হবে। প্রতিবছর এ অবস্থা চলতেই থাকবে—এটি সমাজের বেশির ভাগ মানুষ মেনে নিলেও কিছু মহৎ লোক তা মানতে পারেন না। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করেন। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় তরুণদের মধ্যে এ রকম একটি মহৎ উদ্যোগ দেখা যাচ্ছে। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় তরুণেরা ‘মানবতার দেয়াল’ নামে একটি স্বেচ্ছাসেবা কার্যক্রম শুরু করেছেন। তাঁরা একটি দেয়াল নির্ধারণ করছেন। দেয়ালের এক পাশে বিত্তবানেরা তাঁদের অপ্রয়োজনীয় জিনিস রেখে যেতে পারবেন। অন্য পাশ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারবেন সুবিধাবঞ্চিতরা। আসন্ন শীতের কথা মাথায় রেখে তাঁরা এটি শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই মহৎ উদ্যোগটি দ্রুত বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে।


