আসাদুজ্জামান আসাদ কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের বিশ্বাস পাড়ায় নিরীহ কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে থানা পুলিশ। একই সাথে হত্যাকারী নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার সহ হত্যাকান্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়।
কলারোয়া থানা সূত্রে জানা গেছে, এঘটনায় গ্রেফতার নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের দেওয়া তথ্য মতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিহত মোসলেম উদ্দিনের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। পরে দেয়াড়া খানপাড়া থেকে গ্রেফতার আবুল কালাম আজাদের ভাইপো হাবিবুরের ঘর থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, হত্যাকান্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকান্ডের রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে। তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়।
একই সাথে তার ভাইপো’র ঘর থেকে হত্যাকান্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আবুল কালাম আজাদকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করা হয়।


