আব্দুম মুনিব, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় কুমারখালীতে গৃহবধূকে ধর্ষণ মামলায় জুয়েল (৩২) নামে এক আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সকাল ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
সাজাপ্রাপ্ত জুয়েল কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী ওই নারী ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে গলায় ছুরি ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন জুয়েল।
এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে সাক্ষীরা টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষক জুয়েল পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষী-প্রমাণ শেষে রোববার সকালে আদালত আসামি জুয়েলকে এই সাজা প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি জুয়েল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি আব্দুল হালিম।
আব্দুম মুনিব
কুষ্টিয়া


