উপকূলে টেকসই বেড়িবাঁধের দাবিতে গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে কাফনের কাপড়(প্রতীকি) পরে মানববন্ধন করেছে সেখানকার স্থানীয়রা। সারা দেশের গণমাধ্যমে যা গুরুত্বসহ প্রকাশিত/প্রচারিত হয়েছে।এরই প্রতিক্রিয়ায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা ও স্থানীয় একজন জনপ্রতিনিধি আমাদের এক ছোট ভাই Shahin Billah, যে ঐ মানববন্ধনের একজন সংগঠক ছিল তাকে এবং তার সাথের কয়েকজন প্রতিবাদী তরুণকে লাঞ্ছিত করেছে।
আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশের সচেতন মানুষ মাত্রই জানেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবাজ স্থানীয় জনপ্রতিধিদের সীমাহীন লুটপাটের কারণে উপকূলের মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাদের গলা সমান দুর্নীতির কারণে প্রতিবার ঘূর্নিঝড়-জলেচ্ছাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানীর পাশাপাশি উপকূলের অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, তলিয়ে যায় ফসলের ক্ষেত, মাছের খামার। প্রতিবছর হাজার হাজার পরিবার ভিটেমাটি ছাড়া হচ্ছে। অথচ এসব দুর্নীতিবাজদের কোন শাস্তি হয় না।
আজ যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ অসহায় হয়ে কোন উপায় না পেয়ে টেকসই বেড়িবাঁধের জন্য যার যার অবস্থান থেকে প্রতিবাদ করছে, তখনই দুর্নীতিবাজদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা প্রতিবাদী কণ্ঠগুলোকে রোধ করার চেষ্টা করছে।
আমরা মনে করি, যারা অন্যায়ের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ এবং মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দাবিয়ে রাখতে চান তারা দেশ ও জাতির প্রকৃত শত্রু। তারা উপকূলের মানুষের লাশের সাথে বেঈমানি করেন। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার।


