নিউজ ডেস্ক
আজ : ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৭, ২০২১


  • সাগর থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চায় ভারত

    ইঞ্জিন খারাপ হয়ে সমুদ্রে ভেসে বেড়ানো নৌকা থেকে একদল রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারত। এখন তাদের বাংলাদেশে পাঠাতে চায় দিল্লি। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

    এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ গিয়ে তাদের উদ্ধার করেছে। তবে নৌকার আট যাত্রী মারা গেছেন, একজন নিখোঁজ।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমাদের কাছে খবর আসে গত ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশের কক্সবাজার থেকে রোহিঙ্গা-ভর্তি একটি নৌকো ছাড়ে। পরে তার ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই খবর পেয়ে কোস্ট গার্ডের দুইটি জাহাজ পাঠানো হয়। নৌকায় ৬৪ জন নারী ছিলেন, তার মধ্যে আটজনের বয়স কম। ২৬ জন পুরুষ। যাত্রীদের মধ্যে আটজন মারা গেছেন। একজন নিখোঁজ।’”

    তিনি স্পষ্ট করে জানান, ভারত ওই রোহিঙ্গাদের দেশে রাখতে চায় না। বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। অনুরাগ বলেন, “নৌকার ৪৭ জন যাত্রীর কাছে ইউনাইটেড নেশন, হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর)-এর পরিচয়পত্র ছিল। তাতে লেখা, তারা মিয়ানমার থেকে ছিন্নমূল হয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সঙ্গে এ ব্যাপারে কথা চলছে।”

    এই রোহিঙ্গারা নৌকা করে কোথায় যাচ্ছিলেন, তাও জানা যায়নি।

    এর আগে সোমবার বাংলাদেশ জানায়, কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিয়ে কোনো নৌকা ছেড়েছে, এমন খবর সরকারের কাছে নেই।

    কয়েক দিন আগেই ইউএনএইচসিআরের তরফে জানানো হয়, আন্দামান সাগরে রোহিঙ্গা-ভর্তি নৌকা ইঞ্জিন খারাপ হয়ে বিপাকে পড়েছে। নৌকাটি সাগরে ইতস্তত ঘুরছে। যাত্রীদের পানীয় জল ও খাবারও শেষ। তাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে তারা আবেদন জানিয়েছিল, তারা যেন ওই রোহিঙ্গাদের উদ্ধার করে। তারপরই ভারত তাদের উদ্ধার করেছে।