রাজশাহীতে ছাত্রীদের উত্ত্যক্ত’র প্রতিবাদ, রাতে হামলা ও সংঘর্ষে আহত ৫ জন।
মহিবুল ইসলাম,
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে মেসের ছাত্রীদের উত্ত্যক্ত’র প্রতিবাদের জেরে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রাজশাহী নগরীর হেঁতেমখা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মেসের কয়েকজন ছাত্রী কেনাকাটা করার জন্য মেস থেকে বের হয়। তারা হেঁতেম খাঁ এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় কয়েকজন বখাটে যুবক তাদেরকে উত্যক্ত করে। এসময় পাশের সুইট নামে এক মুদির দোকানদার ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করে। এসময় বখাদের সাথে সুইটের বাকবিতণ্ডাও হয়।
এই ঘটনার জেরে এই বখাটে যুবকরা ক্ষুব্ধ হয়ে রাত ১১টার দিকে ওই মুদি দোকানদার সুইটের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই দোকানদারের পক্ষের লোকজন তার বাসায় চলে আসে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।
পরবর্তী তে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বখাটেদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।