ইরফানুর রহমান মারুফ (দশমিনা উপজেলা প্রতিনিধি)
আজকে রিকশা করে যাচ্ছিলেন দু’জন। হঠাৎ রিকশার চাকা গাড্ডায় পড়ল। তা থেকে মাঝবয়সী এক মহিলা উল্টে পড়লেন রাস্তায়। হাত পা কাটল। তাঁর মাথায়ও চোট লাগল। রাস্তা বেহাল হওয়ায় এই জায়গায় প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে বলে জানালেন রিকশা চালক।
চরহোসনাবাদ বাজার থেকে দশমিনা সরকারি কলেজ যাওয়ার প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার হয় না দীর্ঘ দিন। রাস্তা সারাইয়ের জন্য বহু বার অবরোধ করেছেন গ্রামবাসীরা। প্রশাসনের তরফে মিলেছে শুধু প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কয়েক বছর আগে চরহোসনাবাদ বাজার থেকে কলেজ পর্যন্ত সারাইয়ের কাজ শুরু হয়েছিল। কিন্তু তা এখন বন্ধ হয়ে গিয়েছে। এতে রাস্তার কিছুটা ঠিক হয়েছিল ঠিকই। কিন্তু বাকি রাস্তার অবস্থা এখন এতটাই খারাপ যে মানুষ ওই রাস্তা দিয়ে চলতে ভয় পান। রাস্তার ধার ভাঙা, রাস্তার ইটের কনা গুলো পাশের খালে গিয়ে জমা হচ্ছে। ইটের কনা গুলো বেরিয়ে গর্ত হয়ে,বালুগুলো রাস্তায় জমা হচ্ছে। রাস্তার এই অবস্থার জন্য সন্ধ্যার পর থেকে মোটরসাইকেল পর্যন্ত চলে না। স্থানীয় ছাএনেতা জুয়েল আমিন বলেন, ‘‘দুর্ঘটনা এড়াতে মোটামুটি আমাদের বাড়ির আশপাশে রাস্তায় মাটি দিয়ে আমাদের চলাচলের জন্য একটা ব্যাবস্থা করছিলাম। কিন্তু বর্ষা মৌসুমে বৃষ্টির পর থেকে রাস্তার অবস্থা খারাপ। উপজেলার নেতৃত্বকে জানিয়েছি। তবে কাজ ফের কবে শুরু হবে তা জানা নেই।’’ এই পথ দিয়ে সহজে দশমিনা আব্দুর রশিদ তালুকদার সরকারি কলেজে যাওয়া যায়।


