স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তা ১নং বামনডাঙ্গা ইউনিউয়নের রেলগেট ব্রীজমোড়(গাহমারী শহর) থেকে প্রায় ১ কিঃমিঃ কাটগড়া হাট পর্যন্ত রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই।
এই রাস্তাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও রংপুরের মিঠাপুকুর উপজেলা সঙ্গে সংযোজিত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের ছাত্র ছাত্রীসহ হাজার হাজার মানুষকে। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। সড়কের এই বেহালদশা দেখার যেন কেউ নেই। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে বেহালদশা বিরাজ করছে। এর মধ্যে বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা, নর্দমা একাকার হয়ে সড়কটি যেন পুকুরে পরিণত হয়।
জনপ্রতিনিধিদের আশার বাণী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ ছাড়া সড়কে যানবাহনগুলো সড়কের ভাঙার কারণে দুর্ঘটনায় পড়ছে।এ জন্য ওই সড়কে যানচলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে।
জানতে চাইলে পথচারী শামীম আহমেদ বলেন এটি একটি জনবহুল রাস্তা এই ইউনিয়নের সবচেয়ে বড় হাট কাটগড়া সপ্তাহে দু’দিন হাটে হাজার হাজার মানুষের সমাগম হয় এ রাস্তা দিয়ে,এ রাস্তাটি খুবই বিপদজনক হয়ে উঠেছে অতিদ্রুত রাস্তাটি মেরামত না করা হলে যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
মা-বোনেরা গর্ভবতী হলে হাসপাতালে চিকিৎসার জন্য অনেক অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীকে, গর্ভবতী মা-বোনদের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি পর্যন্ত রাস্তায় আসতে ভয় পায়।
এলাকাবাসী জানান, এটা এখন রাস্তা নয় মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত চোখের সামনে দূর্ঘটনা ঘটছে। শীঘ্রই সড়কটি সংস্কার করা জরুরী।
এ ব্যাপারে জানতে,ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজমুল হুদা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তা পরিদর্শন করে অতি শীঘ্রই সংস্কার করা হবে।


