আব্দুম মুনিব, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় চায়ের দোকানী মিঠুন হোসেন হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন এবং অপর দুই আসামীর ১০ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত মওলা মন্ডলের ছেলে শিমুল হোসেন(৩০) এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম (২৬) ও একই এলাকার খয়বার আলী প্রামানিকের ছেলে সবুজ হোসেন (২৪)। মামলার অপর তিন আসামী লিটন হোসেন, মনিরুল ইসলাম ও খয়বার আলী প্রামানিককে বেকসুর খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগষ্ট রাতে কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকায় চায়ের দোকান থেকে নিজ বাড়ীতে ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজা শিমুল হোসেন পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে চাচা মিঠুন হোসেনকে হত্যা করে। পরের দিন ১৪ আগষ্ট নিহত মিঠুনের স্ত্রী মোছা: রিনা বেগম ৩জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর ৬ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, এ হত্যা মামলায় ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত।
আব্দুম মুনিব
কুষ্টিয়া


