মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা থেকেঃ
সুন্দরগঞ্জে আমন ধান ক্ষেতের মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে মনোমুগ্ধকর সবুজের মহা সমারোহ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেফিরে দেখা গেছে, যেখানে কিছু দিন আগেই ছিল বর্ষালী ধান ও পাট ক্ষেতে এলোমেলো মাঠগুলো। আজ সেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে চোখ খুললেই দেখা যায় মনোমুগ্ধকর সবুজ ধান ক্ষেতের অপূর্ব দূশ্য। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে গড়ে উঠেছে এসব এক একটি সবুজ ধানের মাঠ। সময় মত বীজতলা তৈরি,বীজ বপন,চারা বলান দেয়া,সঠিক সময়ে ধানের চারা লাগানো, ধান গাছের আগাছা মুক্ত করা, জমিতে কঞ্চি গেড়ে দেয়া, কীটনাশক প্রয়োগ করাসহ নানা ধরণের পরিচর্যার কাজ করতে হয় তাদের। সবুজ ক্ষেতের দৃশ্য দেখে কৃষকদের মাঝে বেশ স্বস্তি লক্ষ্য করা গেছে। সর্বানন্দ ইউনিয়নের বাছহাটি গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, ধান গাছের সবুজ দৃশ্য দেখে পরিশ্রমের কথা আর মনেই পড়ে না ভাই। আর কথায় ত আছে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এরশাদুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, আমরা যারা মাঠকর্মী রয়েছে, তারা প্রতিনিয়ত কৃষকদের মাঝে বিচরণ করছি। আর যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়াচ্ছি,তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ মুন্নার সাথে কথা হলে তিনি জানান,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মত যাতে করে এক ইঞ্চি জমিও পড়ে না থাকে। সে জন্য আমি নিজে ও আমার অধীনস্থ অফিসারদের নিয়ে উপজেলার প্রত্যেকটি এলাকা ঘুরে ফিরে দেখে কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করেছি। তাদের ধানের বীজ দিয়েছি। কাউকে আবার ধানের চারা ও সার দিয়েছি। যাতে কোন জমি পড়ে না থাকে। আমরা কৃষকের সেবায় সদা সোচ্চার।


