২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করায় ২০২১ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাতে জানা যায়, নরওয়ের রাজনীতিবিদ ক্রিস্টিয়ান টাইব্রিং জেড্ডে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেন।
নরওয়ের চারবারের নির্বাচিত এই আইনপ্রণেতা ফক্স নিউজকে বলেন, ‘দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় শান্তি পুরষ্কারের জন্য মনোনীত অন্যান্য প্রার্থীদের চেয়ে তিনি (ডোনাল্ড ট্রাম্প) আরও বেশি চেষ্টা করেছেন বলেই আমি তাকে যোগ্য মনে করছি।’
গেল ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল এবং আরব আমিরাতের ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছার কথা জানান। ২০ বছরের মধ্যে কোনও আরব দেশের সঙ্গে ইসরায়েলের এমন চুক্তি এটিই প্রথম। এর আগে, ইসরায়েলের সঙ্গে ১৯৭৯ সালে মিশর ও ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।
এদিকে, ২০১৯ সালে শান্তিতে নোবেল পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও দেশটির মধ্যে জাতিগত সংঘাত নিরসনে অগ্রণী ভূমিকা পালন করায় গত বছর নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে আবি আহমেদের নাম ঘোষণা করে।


