অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অপরাধে টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন, রেলওয়ের জিএম ইউসুফ আলী মৃধাসহ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এক বছর আট মাস ধরে উক্ত আদালতে বিচারক না থাকায় এসব চাঞ্চল্যকর মামলাগুলোর কার্যক্রমে গতি নেই।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সকল জেলার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালিত হয়। একই আদালতে দেওয়ানী ও ফৌজদারি মামলাগুলোর বিচার কার্যক্রমও পরিচালিত হয়। এছাড়া বিভাগীয় বিশেষ জজ চট্টগ্রাম বিভাগের সকল জেলায় বিভিন্ন সময়ে সার্কিট কোর্ট পরিচালনার মাধ্যমে দুর্নীতির বিশেষ মামলার বিচার ও নিষ্পত্তি করেন। গত বছর ৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন বদলির পর এখনও বিচারকের উক্ত পদ শুন্য রয়েছে। এসময়টিতে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা জজ মো. ইসমাইল হোসেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ গতকাল আজাদীকে জানান, বর্তমানে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অপরাধে দুদকের দায়ের করা ২৮১টি বিশেষ মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ৪০৯টি দায়রা মামলা, ১০০টি দেওয়ানী আপীল মামলা, ৫২টি ফৌজদারি আপীল মামলা, ৩৮টি স্পেশাল ট্রাইব্যুনাল মামলা, ফৌজদারি রিভিশন মামলা ২২টি ও ১৭টি দেওয়ানী মিছ মামলা বিচারধীন রয়েছে। বিভাগীয় স্পেশাল জজ আদালতে এক বছর আট মাস ধরে বিচারক শূন্য রয়েছে। বিভিন্ন আলোচিত মামলার বিচারিক কার্যক্রমে ধীর গতির কথা জানিয়ে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক গতকাল আজাদীকে বলেন, একদিকে আদালতে বিচারক শূন্যতা অন্যদিকে করোনো ভাইরাসের প্রভাব- সবমিলিয়ে এ সময়ের মধ্যে স্পেশাল জজ আদালতে দুদকের দায়ের করা বিশেষ মামলাগুলোর বিচারিক কার্যক্রমে তেমন অগ্রগতি নেই। এসব মামলার কার্যক্রম ধীর গতিতে এগুচ্ছে বলে জানান তিনি।
আদালত সূত্র জানায়, দুদকের আলোচিত মামলাগুলোর মধ্যে রয়েছে, টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির অবৈধভাবে সম্পদ অর্জন, কক্সবাজারে সাবেক ডিসি রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাত, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি, সিডিএ কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাত, ঘুষের দশ লাখ টাকাসহ ধরা পড়া দুদক চট্টগ্রামের উপ পরিচালক এম এম সাব্বির হাসানের বিরুদ্ধে দুদকের মামলাসহ আলোচিত বেশি কয়েকটি চাঞ্চল্যকর মামলা বর্তমানে স্পেশাল জজ আদালতে বিচারাধীন রয়েছে।
আদালত সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন।


