তিন কোটি টাকার সম্পত্তি জালিয়াতি করে বিক্রি
কুষ্টিয়ায় ভুয়া এনআইডি কার্ড তৈরি চক্রের ৪ সদস্য গ্রেফতার
আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে কোটি কোটি টাকার জমি হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এরই মধ্যে চক্রটি প্রায় তিন কোটি টাকার অন্যের জমি জালিয়াতি করে বিক্রি করে দিয়েছে। এক ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এনআইডি জালিয়াতি করে জমি হাতিয়ে চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- শহরের আড়–য়াপাড়া এলাকার খন্দকার আবুল হোসেনের ছেলে ওয়াদুদ ওরফে মিন্টু খন্দকার, কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার আতিয়ারের ছেলে মিলন হোসেন ও তার দুই বোন ছোনোয়ারা খাতুন ও জাহানারা খাতুন। এঘটনার সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এদিকে চক্রের সাথে কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজনের নাম উঠে আসায় শহর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় যুবলীগ।
পুলিশ জানিয়েছে, একটি জালিয়াত চক্র কুষ্টিয়া শহরের মজমপুর মৌজার প্রায় তিন কোটি টাকা মূল্যের ২২ শতক জমির ভুয়া মালিক সেজে মাত্র ৭৭ লাখ টাকায় একজনের কাছে বিক্রি করে দেন। তবে ওই জমির প্রকৃত মালিক শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা এমএম ওয়াদুদ ও তার শরীকরা। জালিয়াত চক্রটি ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরী করে রাতারাতি অন্যের জমির মালিক বনে যান। চক্রটি এখানেই থেমে থাকেনি, তারা শহরের এনএস রোডে আব্দুল ওয়াদুদের দোতলা বাড়িসহ কয়েকটি টাকা মূল্যের সম্পত্তিও একই কৌশলে বিক্রির চেষ্টা করছিল।
পুলিশ জানায়, চক্রটি শহরের মজমপুর, চৌড়হাস ও বাহাদুরখালী মৌজার জমি জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী করে আত্মসাতের চেষ্টা করে। কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রচারিত হলে জালিয়াত চক্রের সদস্যদের ধরতে মাঠে নামে পুলিশ। এ চক্রের অন্যতম হোতা কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজনসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। অন্যের জমি হাতিয়ে নেয়ার অভিযোগে রোববার রাতে শহর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি।
আব্দুম মুনিব
কুষ্টিয়া


