মীর শুভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হানিফ হোসাইন তার আম্মুর রুপালী ব্যাংক ঈশ্বরদী শাখায় গত ২৬ তারিখে ভুলক্রমে চলে আসা ৫,৪৩,৯৫৭ টাকা ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন।
এ বিষয়ে হানিফ হোসাইন জানান, ২৬ আগস্ট হঠাৎ করেই তার আম্মার রুপালী ব্যাংকের একাউন্টে ৫,৪৩,৯৫৭ টাকা চলে অাসে।
এত টাকা তাদের একাউন্টে দেখে অবাক হয়ে যান হানিফ ও তার পরিবার। ভুলক্রমে টাকা চলে এসেছে বুঝতে পেরে সে ব্যাংকে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানান টাকাটা তার না। এরপর ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে উক্ত টাকা মালিক বরাবর হস্তান্তর করেন।পরবর্তীতে হানিফ হোসাইন তার ফেসবুকে ওয়ালে বিষয়টা শেয়ার করলে বন্ধুমহল, আত্বীয়-স্বজন কাছ থেকে প্রশংসায় ভূষিত হন।
এ বিষয়ে হানিফ এর সহপাঠী তানভীর রহমান বলেন,হানিফের সাথে আমার ৩ বছরের পরিচয়ে তার ভেতরে সেই সকল গুণাবলি দেখেছি যা একজন আদর্শ মানুষের ভেতর থাকে। নীতি এবং নৈতিকতার ব্যাপারে সর্বদা আপোষহীন থেকেছে আমার সহপাঠী। হানিফের আজকের এই কাজে আমি ব্যক্তিগতভাবে খুব একটা অবাক হইনি কারণ আমি ওর মাঝে এই সততা আগেও দেখেছি। হানিফের এই আদর্শিক কাজ আমাদেরকে অনুপ্রাণিত করবে।
হানিফ হোসাইন বলেন, যার টাকা তার নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আমার নৈতিক দায়িত্ব পালন করেছি।তিনি আরোও বলেন, প্রকৃত মালিকের কাছে টাকা পৌছে দেয়ার মাধ্যমে নিজের কাছে অনেক ভাল লাগা কাজ করছে।
উল্লেখ্য, হানিফ হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের( ১৭-১৮ সেশন) শিক্ষার্থী। তার বাসা নাটোর জেলার লালপুর উপজেলায় ।


