মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা থেকেঃ
সুন্দরগঞ্জে কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা আজও কাটেনি ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেফিরে দেখা গেছে, টানা বর্ষায় প্রত্যেকটি কাঁচা রাস্তার মাঝখানে দীর্ঘদিন পানি জমে কাঁদায় পরিণত হয়েছে। কিছুটা বৃষ্টি কমে গেলেও কমেনি রাস্তাগুলোর দূর্বস্থা। সে কারণে সকল প্রকার যাবাহন চলাচলের চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে । পায়ে হেটেও যাতায়াত করতে পারছে না পথচারীরা। একটু বৃষ্টি হলেই হাটু কাঁদায় পরিনত হয়। বিশেষ করে মোটর সাইকেল, বাই-সাইকেল, অটোভ্যান, রিক্সা, ঘোড়ার গাড়ি, অটোবাইক চলাচল অত্যন্ত দূর্সাধ্য হয়ে পড়েছে । রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের আব্দুল করিম মিয়া বলেন, আমি ভ্যানে করে মানুষের দোকানে দোকানে রুটি বিক্রি করে বেড়াই।কাঁচারাস্তা দিয়ে ভ্যান নিয়ে চলাচল করতে পারছি না। ভ্যান টানতে জীবন যেন বের হয়ে যায়। দীর্ঘদিন থেকে সংস্কার না করার কারণে অসংখ্য খানা-খন্দে পরিনত হয়েছে রাস্তাগুলো। অনেকে হাট বাজার করতে পারছে না।
রামজীবন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা সংস্কার ও মেরামতের জন্য কাবিখা প্রকল্প না থাকায় কাঁচা রাস্তাগুলো এমন হাল হয়েছে । সে জন্য বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে কাঁদা ও গর্তের সৃষ্টি হয়েছে। শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম বলেন, বরাদ্দ না দেওয়ায় রাস্তাগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। আমরা নিরুপায় করার কিছুই নাই । এব্যাপারে স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকার মানুষজন ।


