পটুয়াখালী শহরের ঋষি বাড়ী এলাকায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু। পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শহরের ঋষি বাড়ী এলাকায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে গোসল করতে গিয়ে শহরের ফরেষ্ট কলোনীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী দিপ্তী রানী (১২) ও ৩য় শ্রেনীর ছাত্রী বৃষ্টি রানী (৯)। একই বাড়ীর দুই শিশুর মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকায় শোকের মাতম চলছে। সম্পর্কে তারা মামতো-পিসাতো বোন।নিহত বৃষ্টি পটুয়াখালী শহরের ৭নং ওয়ার্ডের ঋষি বাড়ী এলাকার নিখিল চন্দ্র ঋষি’র মেয়ে আর দিপ্তী মোড়লগঞ্জ এলাকার রনজিত চন্দ্র ঋষির মেয়ে।
দিপ্তী’র মামা কালু চন্দ্র ঋষি এপিএস জিউজ কে জানান, আগামী রোববার আমার (কালু) পিতার আদ্য শ্রাদ্ধের কাজ তাই মোড়লগঞ্জ থেকে ভাগ্নি দিপ্তী তার মায়ের (কালুর বোন) সাথে পটুয়াখালীতে বেড়াতে আসে। দুপুর ১টার দিকে দিপ্তী, বৃষ্টি ও অভি ফরেষ্ট কলোনীর পুকুরে স্নান করতে যায়। এ সময় দিপ্তী ও বৃষ্টি পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে অভি তাদের দেখতে না পেয়ে উপরে উঠে ডাকচিৎকার করলে এলাকার মানুষ জড়ো হয়। পুকুরে নেমে খোঁজা খুঁজির এক পর্যায়ে তাদেরকে মৃত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, বিষয়টি মর্মান্তিক।


